ডিআরইউ/০০৮৩/২০২৬(০২) তারিখ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে আনন্দ–ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শেষ দিনে পুরুষ একক, নারী একক ও পুরুষ দ্বৈত—এই তিনটি ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পুরুষ এককে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। রানার্সআপ হন স্টার নিউজের সাব্বির আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম।
নারী এককে টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হন ডেইলি ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। রানার্সআপ হন আন্তর্জাতিক নিউজ এজেন্সি প্রেসেঞ্জারের জাহিদা পারভেজ ছন্দা এবং তৃতীয় হন বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন।
পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম ও স্টার নিউজের সাব্বির আহমেদ জুটি। রানার্সআপ হন বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ ও আজকালের খবরের জাকির হুসাইন জুটি। তৃতীয় স্থান অর্জন করে কালের কণ্ঠের জয়নাল আবেদিন ও ডেইলি সানের সোহেল হোসেন পাটোয়ারি জুটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক মীর শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মীর শহীদুল হক বলেন, “বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন। ব্যাডমিন্টন একটি সম্ভাবনাময় খেলা হলেও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাফল্য এখনও সীমিত। প্রাইমারি লেভেল থেকেই পরিকল্পিত প্রশিক্ষণ ও কর্পোরেট পৃষ্ঠপোষকতা পেলে দেশের ব্যাডমিন্টন আরও এগিয়ে যাবে।” তিনি খেলাধুলার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধের কথাও উল্লেখ করেন।
সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান বলেন, ডিআরইউর সদস্যদের মধ্যে ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে তিনি আগ্রহী।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের স্বাস্থ্য ও বিনোদনের লক্ষ্যে ডিআরইউ সারা বছর বিভিন্ন ক্রীড়া ও আনন্দমূলক আয়োজন করে থাকে। এই উদ্যোগে সহযোগিতার জন্য তিনি আনন্দ ভুবন আবাসিক প্রকল্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, ডিআরইউ নিয়মিত খেলাধুলার আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আনন্দ ভুবন কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

