ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক, অবমাননাকর ও অশালীন আচরণের অভিযোগ এনে তাঁর অবিলম্বে বরখাস্ত ও বিচার দাবি করেছে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে মাহবুব মোর্শেদ বিভিন্ন সময়ে সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কটূক্তি, অবমাননা ও অসম্মানজনক আচরণ করে আসছেন, যা জাতীয় সংবাদ সংস্থার প্রধান হিসেবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাঁর এ ধরনের অসাংবাদিকসুলভ আচরণ সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে।
ডিআরইউ আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া সাংবাদিক সমাজে অপরিচিত ও অযোগ্য ব্যক্তিকে বাসসের এমডি পদে নিয়োগ দেওয়ায় সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ প্রেক্ষিতে সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে ডিআরইউ’র পক্ষ থেকে অবিলম্বে—
১) বাসসের এমডি মাহবুব মোর্শেদকে বরখাস্ত এবং
২) তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ডিআরইউ নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

